জাপানে বাংলাদেশকে রৌপ্য পদক এনে দিলেন জুবায়ের

জাপানের টোকিওতে ডব্লিউএসকেএফ’র ১৭তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ-২০২৫-এ বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জিতেছেন মুন্সিগঞ্জের মো. জুবায়ের। সম্প্রতি প্রতিযোগিতায় ৭৫+ কেজিতে কুমিতে ইভেন্ট-এ এই পদক জয় করেন তিনি।

দেশের হয়ে পদক জয়ের পর জুবায়ের বলেন, ‘২০২০ সালে মামা চিত্রনায়ক আলেকজান্ডার বোয়ের মাধ্যমে কারাতে অঙ্গনে প্রবেশ করি। আমি এখন দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় আমার জন্মভূমি মুন্সিগঞ্জ জেলা ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করি। ইতিপূর্বে ২০২২ সালে ভারতের কলকাতায় অনুষ্ঠিত ৬ষ্ঠ আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করি এবং মালয়েশিয়ার মালাক্কায় ২০২৩ সালে অনুষ্ঠিত ১৯তম সিনিয়র এশিয়ান কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।’

পদকজয়ীদের সঙ্গে জোবায়ের।

এ ছাড়াও দেশের ঢাকা, রংপুরসহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেকবার স্বর্ণ-রৌপ্য পদক পেয়েছেন জুবায়ের। এরই ধারাবাহিকতায় জাপানে ডব্লিউএসকেএফ’র প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক জয় করেছেন তিনি।

ব্ল্যাক বেল্ট ২য় ড্যান পরীক্ষায় কৃতকার্য এবং তিন দিনব্যাপি ট্রাডিশনাল কারাতে সেমিনার (উচ্চতর ট্রেনিং) সম্পন্নকারী জুবায়ের বলেন, ‘আমার স্বপ্ন হচ্ছে আমি পড়াশোনার পাশাপাশি কারাতের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিনিধিত্ব করা।’

প্রসঙ্গত, জাপানে টোকিওতে অনুষ্ঠিত ডব্লিউএসকেএফ’র ১৭তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন ভেনেজুয়েলার দিয়েগো কোরবান। ব্রোঞ্জ পদক অর্জন করেছেন উজবেকিস্তানের ইব্রাগিমোভ আদখাম।