বিশ্ব বেসবল ক্লাসিক চ্যাম্পিয়নশিপ 

আমেরিকায় গিয়ে আমেরিকাকেই ধসিয়ে দিল ভেনেজুয়েলা 

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনার সূচনাটা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তাঁর দেশ থেকেই তুলে নিয়ে আসে যুক্তরাষ্ট্র। এই ঘটনার রেশ না কাটতেই এবার যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিয়েছে ভেনেজুয়েলা। তবে এটি রাজনৈতিক ময়দানে নয় ক্রীড়াঙ্গনের লড়াইয়ে।

বিশ্ব বেসবল ক্লাসিকে যুক্তরাষ্ট্রকে তাদের দেশে গিয়েই ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে ভেনেজুয়েলা। মায়ামির লোনডিপো পার্কে ৩৬ হাজার ১৯০জন দর্শকের সামনে ফাইনালে যুক্তরাষ্ট্রকে দাপটের সঙ্গে হারিয়েছে ভেনেজুয়েলা।    

ম্যাচের প্রথম ৫ ইনিংসে পাত্তাই পায়নি যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা প্রথম ৫ ইনিংস ২ রান করলেও যুক্তরাষ্ট্র কোনো রানই নিতে পারেনি। তবে অষ্টম ইনিংসে ২ রান নিয়ে ম্যাচে সমতা ফিরিয়েছিল যুক্তরাষ্ট্র।

কিন্তু ম্যাচ নির্ধারণী নবম ইনিংসে ভেনেজুয়েলা ১ রান নিলে যুক্তরাষ্ট্র সেই ইনিংসে কোনো রান নিতে ব্যর্থ হয়। ফলে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভেনেজুয়েলা। 

শিরোপা উদযাপনে ভেনেজুয়েলা বেসবল দল। ছবি: রয়টার্স

উল্লেখ্য, বেসবল ৯ ইনিংসের খেলা, যেখানে ৪টি বেস থাকে। আউট না হয়ে সেসব(৪টি) বেস টানা অতিক্রম করতে পারলে ১ রান বিবেচিত হয়। তবে ৯ ইনিংসের খেলায় ম্যাচের ফলাফল না এলে অতিরিক্ত ইনিংসের খেলা হয়ে থাকে। 

বেসবলে আমেরিকানদের আধিপত্য থাকলেও এবার তা ভেঙে দিয়েছে ভেনেজুয়েলা। ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে থাকার পর অষ্টম ইনিংসে ব্রাইস হার্পারের দুই রানের হোম রান ম্যাচে সমতা ফেরায় এবং মনে হচ্ছিল যুক্তরাষ্ট্র আবার খেলায় ফিরেছে। তবে নবম ইনিংসের শুরুতে ভেনেজুয়েলার ইউজেনিও সুয়ারেজের আনা রানই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।

‘আমি কী বলব, এটা দুর্দান্ত ছিল। কেউ ভেনেজুয়েলার ওপর বিশ্বাস করেনি, কিন্তু আজ আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটা পুরো ভেনেজুয়েলা দেশের জন্য উদযাপনের মুহূর্ত।’- ম্যাচ শেষে ভেনেজুয়েলার জয়ের নায়ক সুয়ারেজ। 

এদিকে বেসবেল ক্লাসিক ম্যাচের ফাইনালের আগে উত্তাপ ছড়িয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ভেনেজুয়েলাকে ফাইনালে ওঠার জন্য অভিনন্দন জানালেও ট্রাম্প বলেন, দেশটি(ভেনেজুয়েলা) যুক্তরাষ্ট্রের “৫১তম অঙ্গরাজ্য” হতে পারে। মঙ্গলবার হারের পরও ট্রাম্প একই বক্তব্য পুনরায় দেন।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন নেতা ডেলসি রদ্রিগেজ (যিনি ক্ষমতাচ্যুত মাদুরোর স্থলাভিষিক্ত হয়েছেন) বুধবারকে “জাতীয় আনন্দের দিন” ঘোষণা করেন।

এক্স (সাবেক টুইটার)-এ তিনি লেখেন, ‘এই জয় আমাদের আবেগ, প্রতিভা ও ঐক্যের প্রতিফলন। যা আমাদের ভেনেজুয়েলান হিসেবে তুলে ধরে। এটি এমন একটি অর্জন যা আমাদের দেশের হৃদয়ে চিরকাল থাকবে।ভিভা ভেনেজুয়েলা!’