আগামী ৩০ মার্চ প্রথমবারের মতো ক্রীড়া ভাতা পেতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদরা। সরকারি বেতন কাঠামোর আওতায় এই ক্রীড়া ভাতা প্রদান করা হবে। যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ১২৯ খেলোয়াড় পাচ্ছেন ক্রীড়া ভাতা।
আজ জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা নিয়ে সরকারের পরিকল্পনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রথম ধাপে ১৮টি ইভেন্টের ১২৯ জন খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ২০২৫ সাল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে পদক পাওয়া খেলোয়াড়দের প্রাথমিক ধাপের ভাতায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
খেলোয়াড়রা মাসিক ভাতা হিসেবে কত টাকা করে পাবেন এমন প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এটি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করবেন। তবে টাকার অঙ্কটা খেলোয়াড়দের জন্য অত্যন্ত আনন্দদায়ক একটি অঙ্ক হবে। সবাই এতে খুশি হবেন।’
আমিনুল হক আরও জানান, প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে মাসিক ক্রীড়া ভাতার আওতায় আনা হবে এবং প্রতি চার মাস পরপর পারফরম্যান্স পর্যালোচনা করা হবে। কারও পারফরম্যান্স খারাপ হলে এই তালিকা থেকে অবনমন হয়ে যাবেন সেই খেলোয়াড়। প্রতি চার মাস পর নতুন খেলোয়াড়ও এই তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
ক্রীড়া ভাতা পেতে যাওয়া প্রথম তালিকায় থাকছে যেসব ইভেন্ট- আর্চারি, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিকস, ক্যারম, সাঁতার, ভারোত্তোলন, উশু, অ্যাথলেটিকস, কারাতে, সেপাক টাকরো, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, নারী হুইলচেয়ার বাস্কেটবল, প্যারা সুইমিং, প্যারা অ্যাথলেটিকস, ফুটসাল (নারী), কাবাডি (নারী), ভলিবল (নারী) ও ব্রিজ (পুরুষ)।
প্রথম তালিকায় গত বছর যুব বিশ্বকাপে খেলা হকি দল কেন নেই। এই প্রসঙ্গে মন্ত্রীর ভাষ্য, ‘৭ থেকে ১০ দিনের মধ্যে হকিসহ অন্য খেলাগুলোকেও এই কাঠামোর আওতায় যুক্ত করা হবে।’
প্রথম পর্যায়ে ক্রিকেটাররা পাচ্ছেন না এই ভাতা। প্রতিমন্ত্রী এই ব্যাপারে স্পষ্ঠভাবে জানিয়েছেন, ক্রিকেটারদের আয় যেহেতু অন্য সব খেলার চেয়ে বেশি, আপাতত এই ভাতার মধ্যে ক্রিকেটারদের রাখা হচ্ছে না।
আগামী ৩০ মার্চ তেজঁগাওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টায় আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাওয়া অ্যাথলেটদের বিশেষ সম্মাননার পাশাপাশি এই ক্রীড়া ভাতা কর্মসূচির উদ্বোধন করা হবে।