সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে শরীরচর্চার বিকল্প নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

যুবসমাজকে মাদক, সামাজিক অপরাধ ও অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে খেলাধুলা, বডিবিল্ডিং ও নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শরীরচর্চা তরুণদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, শৃঙ্খলা ও ইতিবাচক জীবনবোধ গড়ে তোলে বলেও উল্লেখ করেন তিনি। আজ শনিবার ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার অডিটোরিয়ামে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন আয়োজিত ‘মিস্টার বাংলাদেশ ২০২৬—জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বডিবিল্ডিং শুধু পেশি গঠনের বিষয় নয়, এটি একটি সুশৃঙ্খল জীবনদর্শন। নিয়মিত অনুশীলন ও অধ্যবসায় তরুণদের শারীরিকভাবে সক্ষম করার পাশাপাশি মানসিকভাবে দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তোলে। তরুণদের মাদকের পরিবর্তে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রতিযোগীদের উদ্দেশে তিনি বলেন, প্রকৃত বিজয়ী তিনি, যিনি প্রতিদিন নিজের সীমাবদ্ধতা অতিক্রম করে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করেন। প্রতিমন্ত্রী বিজয়ীদের অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান। এ ধরনের আয়োজন সুস্থ, কর্মক্ষম ও মাদকমুক্ত তরুণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, বিচারকমণ্ডলীর সদস্য ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়।