অনুশীলনে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ১৭ বছর বয়সী সাইক্লিস্টের

নিজ বাড়ির কাছে অনুশীলন করছিল যুক্তরাষ্ট্র যুব সাইক্লিস্ট দলের সদস্য ম্যাগনাস হোয়াইট। গতকাল কলোরাডোর  বোল্ডারে অনুশীলনে হঠাৎ এক গাড়ির ধাক্কা জীবন কেড়ে নিয়েছে ১৭ বছরের হোয়াইটের। যুক্তরাষ্ট্র সাইক্লিং নিশ্চিত করেছে এ খবর।  

আগামী ১০ আগস্ট জুনিয়র মাউন্টেন বাইক ক্রস কান্ট্রি বিশ্ব চ্যাম্পিয়ন শুরু হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। হোয়াইট এরই প্রস্তুতি নিচ্ছিল।

যুক্তরাষ্ট্র সাইক্লিং এক বিবৃতিতে জানিয়েছেন, ‘অফ-রোড সাইক্লিংয়ের উঠতি তারকা ছিল ম্যাগনাস। সাইক্লিংয়ের প্রতি তার আবেগ রেস এবং সতীর্থ ও স্থানীয়দের সঙ্গে আড্ডাতে স্পষ্ট হতো। আমরা এখন ম্যাগনাসের জন্য চড়ব।’

হোয়াইট ২০২১ সালে যুক্তরাষ্ট্রের জুনিয়র চ্যাম্পিয়নশিপ জয়ী। দেশের হয়ে দুবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। ১০ বছর বয়স থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করে হোয়াইট।

সাইক্লিংয়ের প্রতি ভালোবাসার পেছনে বাবার অবদান দেখত হোয়াইট, ‘যখন বেড়ে উঠছিলাম, আমার বাবাই সাইক্লিংয়ে আগ্রহী করে তোলেন, কারণ তিনিও রেসে অংশ নেন। এর পর আমি স্থানীয় দল(বোল্ডার জুনিয়র সাইক্লিং) এর খোঁজ পাই, সেখানে দারুণ সব কোচ পেয়েছি, তাঁরাই আমাকে এখানে এনেছেন।’

এমন এক উঠতি তারকার বিদায়ে শোক জানিয়েছেন দেশটির সাইক্লিং সংশ্লিষ্টরা।