বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

অলিম্পিকের সোনাজয়ীর পাশে দৌড়ে হিটেই বাদ ইমরানুর

পাশের লেনেই ছিলেন বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন মার্চেল ইয়াকবস। এই ইনডোর বিশেষজ্ঞ অলিম্পিকে চমকে দেওয়ার পর থেকেই ভালো করছেন না। গতকাল ১০.১৫ সেকেন্ডে দৌড় শেষ করেছেন, তাঁর সময়টা কতটা খারাপ যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে, এই সময়টাই তাঁর মৌসুমসেরা।

তবে ইয়াকবস এই টাইমিংয়েই গতকাল রাতে বিশ্ব অ্যাথলেটিকসের ছেলেদের ১০০ মিটারের সেমিফাইনালে চলে গেছেন। কিন্তু ১০.৪১ সেকেন্ডে দৌড় শেষ করে নিজের হিটে আটজনের মধ্যে সপ্তম হয়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান। ৫৫ জনের মধ্যে ৪৫তম হয়ে ফিরেছেন বাংলাদেশের দ্রুততম মানব।

অবশ্য গত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের চেয়ে ভালো ফল এটি। গত বছর যুক্তরাষ্ট্রের অরিগনে ১০০ মিটার স্প্রিন্টে বাছাই পেরিয়ে বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের হিটে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত চোটের কারণে ট্র্যাকেই নামতে পারেননি ইমরানুর।

সেমিফাইনালে যেতে পারেননি ইমরানুর। ছবি: এপির সৌজন্যে

এবার অবশ্য প্রাথমিক হিটেই ইতিহাস গড়েছেন ইমরানুর। হাঙ্গেরির বুদাপেস্টে গতকাল প্রথম দিনে বাছাইপর্বে নিজের হিটে প্রথম হয়েছিলেন। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব অ্যাথলেটিকসের বাছাইয়ের হিটে প্রথম হয়েছেন তিনি। যদিও টাইমিং তাঁর ব্যাক্তিগত সেরা ১০.২৫ সেকেন্ডের ধারেকাছেও ছিল না। ১০.৫০ সেকেন্ড নিয়েছেন তিনি।

গতকাল বাংলাদেশ সময় রাত ১২ টা ১৩ মিনিটে হিটে অংশ নেন তিনি। বাছাইয়ের চেয়ে সময় কমালেও তা তাঁকে সেমিফাইনালে নিতে পারেনি। নিজের হিটে সেরা তিনে থাকতে হতো তাঁকে। আর সময়ের হিসেবে সেমিফাইনালে যেতে হলে ১০.১৬ সেকেন্ডের মধ্যে দৌড় শেষ করতে হতো তাঁকে।