৩৫ বছরের পুরনো রেকর্ড ভাঙতেই ভারতীয় পেলেন ১ কোটি ৩০ লাখ টাকা

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম খেলতে এসেই ২০১৯ সালে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছিলেন সুমিত নাগাল। টেনিস কিংবদন্তি রজার ফেদেরারকে প্রথম সেটে হারিয়ে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছিলেন এই ভারতীয় তরুণ। তবে সময়ের পরিক্রমায় হারিয়ে যাচ্ছিলেন তিনি।

পকেটে রূপি ছিল না, স্পনসরও নেই। এমনকি ভারতীয় টেনিস ফেডারেশন তাঁর জন্য এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ড কার্ডের জন্য আবেদনও করেনি। নিজ দেশের টেনিসের অভিভাবক সংস্থাকে পাশে না পেলেও নিজ চেষ্টা ও যোগ্যতায় আজ ইতিহাস রচনা করেছেন ২৬ বছর বয়সী ভারতীয় তারকা।

বাছাইপর্ব পেরোনোর পর অস্ট্রেলিয়ান ওপেনে আজ প্রথম রাউন্ডে কাজাখস্তানের আলেক্সান্ডার বুবলিককে ৬-৪, ৬-২, ৭-৬(৭/৫) গেমে হারিয়ে দিয়েছেন নাগাল। আর তাতেই ভারতের হয়ে ৩৫ বছরের পুরনো এক রেকর্ড ভেঙেছেন।  

১৯৮৯ সালের পর প্রথম কোনো ভারতীয় খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের বাছাইকে হারালেন ২৬ বছর বয়সী নাগাল। অথচ ভারতের ১ নম্বর ও বিশ্বের ১৩৭ নম্বর র‍্যাঙ্কিংধারী নাগাল এবার অস্ট্রেলিয়ান ওপেনেই খেলতে পারতেন না। ক্যারিয়ারের বাজে সময় পার করছিলেন তিনি। গত বছর নাগাল একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর অ্যাকাউন্টে মাত্র ৯০০ ইউরো (১ লাখ ৭ হাজার টাকা) রয়েছে। একজন পেশাদার টেনিস তারকার এমন পরিস্থিতি দেখে অনেকেই তাঁর ক্যারিয়ারের শেষ দেখেছিলেন।

তবে এ বছর নিজ দেশের নাম্বার ওয়ান তারকা হওয়ার পরও তাঁর জন্য ভারতীয় ফেডারেশন ওয়াইল্ড কার্ডের আবেদন না করায় একাই ‘যুদ্ধে’ নেমে পড়েন টেনিস কোর্টে। অস্ট্রেলিয়ান ওপেনের বাছাইপর্ব খেলতে নামেন তিনি। যেখানে টানা তিন জয়ে মূল পর্ব নিশ্চিত করেন নাগাল।

প্রথম রাউন্ডে এসেও শক্তিশালী প্রতিপক্ষ পান। র‍্যাঙ্কিংয়ের ২৭ নম্বর ও টুর্নামেন্টের ৩১তম বাছাই আলেক্সান্ডার বুবলিককে সরাসরি সেটে পরাস্ত করেন। এমন দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার পাশাপাশি পকেটও ভারী করেছেন নাগাল।

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠায় নাগাল পাবেন ১ লাখ ৮০ হাজার অস্ট্রেলিয়ান ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩০ লাখ ৭৩ হাজার টাকা।