যুক্তরাষ্ট্রের টেনিস তারকা, অথচ আর্থার অ্যাশ স্টেডিয়ামে এই প্রথম খেললেন ২৩ বছর বয়সী এমা নাভারো। উপলক্ষ্যটা অবশ্য মনে রাখার ব্যবস্থা করেছেন। রোববার বর্তমান চ্যাম্পিয়ন কোকো গাফের বিপক্ষে শেষ ষোলোতে দেখা হয়েছিল তাঁর।
এর আগে কখনো ইউএস ওপেনের প্রথম রাউন্ড পার হতে না পারা নাভারো স্বদেশিকে ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন। আর বলেছেন, বড় মঞ্চে এর আগে স্বস্তি বোধ করলেও এখন তিনি প্রস্তুত।
১৩তম বাছাই নাভারো ২০২৪ সালের আগে কখনো গ্র্যান্ডস্ল্যামের দ্বিতীয় রাউন্ড পার হতে পারেননি। এ বছর ধীরে ধীরে বড় মঞ্চের ভয় কাটাতে শুরু করেছেন। অস্ট্রেলিয়ান ওপেনে উঠেছেন তৃতীয় রাউন্ডে। ফ্রেঞ্চ ওপেনে তা টপকে গেলেন চতুর্থ রাউন্ডে উঠে। আর উইম্বলডনে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের স্বাদও পেয়েছেন।
ইউএস ওপেনেও উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে। সেখানে তাঁর প্রতিপক্ষ ২৬তম বাছাই পলা বাদোসা। স্প্যানিশ এই খেলোয়াড়েরও ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। ফলে আগামীকাল যেই ম্যাচ জিতুন না কেন, প্রথমবারের মতো সেমিফাইনালে উঠবেন তিনি।
আপাতত প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না নাভারো, ‘আমি আগে যখন বড় কোর্টে খেলেছি, তখন ভ্যাবাচেকা খেয়ে যেতাম, মনে হতো এখানে আমার থাকার কথা না, কিন্তু আজ তা মনে হয়নি। এবার কোর্টে যখন নামলাম তখন বেশ স্বচ্ছন্দ ছিলাম, তাতে নিজেই অবাক হয়েছি। আমি আবার খুব বাজেভাবে অভিভূত হয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম।’
নাভারোর আগ্রাসী খেলার ধরনের সামনে একের পর এক ভুল করেছেন গফ। গত কিছুদিন খেলার ধরন বদল এনেছেন নাভারো। সেরা খেলোয়াড়দের বিপক্ষে আগ্রাসী ধাঁচে খেলছেন। এবং এটাই তাঁকে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিং ১২-তে তুলে এনেছে।
কোর্টে এখন আগের চেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন নাভারো, ‘আমার ধারণা, এখন আমি খেলোয়াড় হিসেবে নিশ্চিতভাবেই ব্যতিক্রম। আমি অনেক আগ্রাসী খেলি, খেলার প্রতিটি দিকে উন্নতি হয়েছে। আমি আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী, নিজের ওপর বেশি বিশ্বাস রাখি। এর কারণ আমি এখন যাদের বিপক্ষে খেলি, আমি যদি আত্মবিশ্বাসী না হই, তারা একদম শেষ করে দেবে আমাকে।’