বিলি জিন কিং কাপ

চীনে গিয়ে চাইনিজ খাবার নিয়ে কটূক্তি করে তোপের মুখে আমেরিকান মেয়ে

চীনের শেনজেনে টেনিস টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন আমেরিকান খেলোয়াড় টেইলর টাউনসেন্ড। চাইনিজ খাবার নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বুধবার চীনা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ২৯ বছর বয়সী নারী টেনিস তারকা। পরে তোপের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন টাউনসেন্ড।

চীনের শেনজেনে বিলি জিন কিং কাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলছেন টেইলর টাউনসেন্ড। গত মঙ্গলবার রাতে আমেরিকান এই নারী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি রাতে একটি বুফেতে পরিবেশিত খাবার দেখে প্রতিক্রিয়া জানান। ইনস্টাগ্রাম স্টোরিতে বলেন, ‘কী জঘন্য! কচ্ছপ আর বুলফ্রগ (এক প্রকার ব্যাঙ) খাওয়াচ্ছে! রীতিমতো পাগলামি!’
 
এরপর টেইলর আরেকটি ভিডিওতে ব্যঙ্গ করে বলেন, ‘এরা সত্যি সত্যিই ব্যাঙ মারছে...বুলফ্রগ মারছে! এগুলোর কারণেই না চামড়ায় ফোসকা-গুটিজাতীয় সমস্যা হয়?’

টেইলরের এমন মন্তব্য দ্রুতই অনলাইনে সমালোচনার সৃষ্টি করে। বিশেষ করে চীনে টুইটার সদৃশ প্ল্যাটফর্ম ওয়েবোতে সমালোচনার ঝড় ওঠে। ‘আমেরিকান টেনিস খেলোয়াড় প্রকাশ্যে চীনা খাবারকে অপমান করলেন’ - এই শিরোনামে একটি হ্যাশট্যাগ দ্রুতই ওয়েবো-তে ট্রেন্ডিং হতে থাকে এবং বুধবার দুপুর পর্যন্ত ৫ কোটির বেশি বার এটি দেখা হয়।

অনেক ওয়েবো ব্যবহারকারী টাউনসেন্ডের মন্তব্যকে চীনা খাবারের সংস্কৃতির প্রতি অসম্মানজনক বলে নিন্দা জানান। কচ্ছপ ও বুলফ্রগ দিয়ে রান্না করা খাবার চাইনিজদের প্রচলিত একটি খাবার। তবে এই সমালোচনা মাত্রা ছাড়িয়ে যায়, যখন ওয়েবোতে অনেকে কৃষ্ণাঙ্গ টাউনসেন্ডকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করতে শুরু করেন।
 
এমন পরিস্থিতিতে টাউনসেন্ড বুধবার ইনস্টাগ্রামে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করে একটি ভিডিওবার্তা দেন। বলেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। চীনে অসাধারণ কিছু অভিজ্ঞতা হয়েছে আমার, এবং (খাবার নিয়ে) মন্তব্যগুলোতে সেই অভিজ্ঞতার প্রতিফলন ছিল না। এর কোনো অজুহাত নেই। ভবিষ্যতে আরও সচেতন থাকব।’

বিলি জিন কিং কাপে বৃহস্পতিবার কোয়ার্টার-ফাইনালে কাজাখস্তানের মুখোমুখি হবে টাউনসেন্ডের যুক্তরাষ্ট্র।