দেখতে তাঁরা কাছাকাছি, তা নিয়েই কত ঝামেলা

স্তেফানোস সিতসিপাস টেনিস জগতের নামকরা এক তারকা খেলোয়াড়। সম্প্রতি চলমান প্যারিস ওপেন থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন এই গ্রিক তারকা। ২০২৬ মৌসুমের জন্য নিজেকে ফিট রাখতেই এমন সিদ্ধান্ত সিতসিপাসের। নিজেকে এটিপি ওপেন থেকে দূরে রাখলেও ভিন্ন কারণে এবার আলোচনায় এসেছেন ২৭ বছর বয়সী এই টেনিস তারকা। 

যুক্তরাষ্ট্রের শিকাগোতে মজার এক ঘটনা ঘটেছে সিতসিপাসের সঙ্গে। ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনের এই রানার্সআপ একদিনের জন্য বিশ্বকাপজয়ী ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান হয়ে গিয়েছিলেন!  

গ্রিক এই তারকার সঙ্গে ঘটে যাওয়া এমন মজার ঘটনার বর্ণনা তিনি নিজেই দিয়েছেন তাঁর এক টুইটে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক টুইটে সিতসিপাস জানান, শিকাগোতে তাঁকে এক সার্বিয়ান সাইকেল ট্যাক্সি চালক আঁতোয়ান গ্রিজমান বলে সম্বোধন করে বসেন।

শিকাগোতে সিতসিপাস একজন সার্বিয়ান সাইকেল ট্যাক্সি চালকের রাইডে উঠেছিলেন। তখন সেই চালক প্রথম দেখাতেই তাঁর চোখের দিকে তাকিয়ে বলেন, আপনি ‘আঁতোয়ান গ্রিজমান? ’ উত্তরে সিতসিপাস “না” বলে তা অস্বীকার করেন। 

গ্রিক তারকার এমন উত্তরের পর সেই চালক চোখ টিপ্পনি দিয়ে বলেন, ‘ভালো চেষ্টা।’ 

ঘটনাটির ব্যাখ্যা দিয়ে শেষ দিকে টুইট বার্তায় সিতসিপাস মজা করে লেখেন, ‘মনে হচ্ছে এখন আমি অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে খেলছি!’

সিতসিপাসের মজার এই ঘটনা এক্সে আলোচনায় আসার পর এখন পর্যন্ত ৩০ লাখ ভিউ হয়েছে।