দেড় লাখ রুপি মূল্যের সোনার মঙ্গলসূত্র (এক ধরনের গলার মালা) খেয়ে ফেলেছিল একটি মহিষ। পরে অস্ত্রোপচারের সহায়তায় পেট থেকে বের করা হয় সেই মঙ্গলসূত্র। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের ওয়াসিম জেলার।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, গত রোববার ওয়াসিম জেলার রামহরি নামের এক কৃষকের স্ত্রীর সঙ্গে এমন অদ্ভুত কাণ্ড হয়। এদিন গোসলের আগে গলার মঙ্গলসূত্রটি খুলে তিনি একটি প্লেটে রেখেছিলেন। তবে এ কথা বেমালুম ভুলে যান। কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না মঙ্গলসূত্রটি। খানিক পরে মনে পড়ে, গোসলের আগে মহিষের জন্য প্লেটে রাখা সয়াবিন আর বাদামের খোসার নিচে মঙ্গলসূত্র রেখেছিলেন তিনি। সেই প্লেট তো এখন ফাঁকা! কী হয়েছে আর বুঝতে বাকি থাকে না তাঁর।
দ্রুত এ ঘটনা স্বামী রামহরিকে জানান স্ত্রী। পরে তিনি স্থানীয় পশু চিকিৎসককে খবর দেন। চিকিৎসক মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে বুঝতে পারেন মহিষের পেটের মধ্যেই রয়েছে দেড় লাখ রুপির মঙ্গলসূত্র। পরে একটি অস্ত্রপচারে সমস্যার সমাধান হয়েছে। মহিষের পেট থেকে উদ্ধার করা গেছে মঙ্গলসূত্র।
পশু চিকিৎসক বালাসাহেব কাউন্দানে সংবাদমাধ্যমকে জানান, প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারে মঙ্গলসূত্র বের করা হয়। সেলাই লেগেছে ৬৫টি। প্রাণীদের খাবার খাওয়ানোর সময় সতর্কতা অবলম্বন করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।