প্রায় ১০০ বছর আগে হারিয়ে গিয়েছিল অস্ট্রিয়ান শিল্পী গুস্তাভ ক্লিমটের আঁকা একটি দুর্লভ চিত্রকর্ম। সম্প্রতি সেটি ভিয়েনায় খুঁজে পাওয়া গেছে। ‘ফ্রাউলিন লিজার’ নামের এই চিত্রকর্মটি এক সময় অস্ট্রিয়ার একটি ইহুদি পরিবারের কাছে ছিল। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গুস্তাভ ক্লিমটের এই চিত্রকর্মটি সর্বশেষ ১৯২৫ সালে জনসমক্ষে দেখা গিয়েছিল। এরপর সেটি কীভাবে হারিয়ে যায়, তা আর জানা যায়নি। চিত্রকর্মটির বর্তমান মালিক জানিয়েছেন, ১৯৬০ সাল থেকে এটি তাঁদের পরিবারে রয়েছে।
নিলামকারী প্রতিষ্ঠান ইম কিনস্কি জানিয়েছে, দুর্লভ এ চিত্রকর্মটি নিলামে তোলা হবে। এর মূল্য ধরা হয়েছে ৫৪ মিলিয়ন মার্কিন ডলার। এক বিবৃতিতে ইম কিনস্কি জানিয়েছে, গুস্তাভ ক্লিমটের মতো শিল্পীর আঁকা চিত্রকর্ম খুঁজে পাওয়া খুবই দারুণ একটি ব্যাপার। এমন দুর্লভ ও শিল্পগুনসম্পন্ন মূল্যবান চিত্রকর্ম কয়েক দশকের মধ্যে ইউরোপে খুঁজে পাওয়া যায়নি।
চিত্রকর্মটি ফ্রাউলিন লিজার নামের এক ব্যক্তির প্রতিকৃতি। সিবিএস নিউজ জানিয়েছে, লিজারের উত্তরসূরী ও চিত্রকর্মটির বর্তমান মালিকের পক্ষ থেকে আগামী ২৪ এপ্রিল এটি নিলামে তোলা হবে। নিলামের আগে এই মহামূল্যবান চিত্রকর্মটি যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, জার্মানি, হংকংসহ বিভিন্ন স্থানে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে ইম কিনস্কি।
এর আগেও গুস্তাভ ক্লিমটের চিত্রকর্ম বিপুল দামে নিলামে বিক্রি হয়েছে। গত বছরের জুনে এই শিল্পীর আঁকা ‘লেডি উইথ আ ফ্যান’ চিত্রকর্মটি ৮৩ দশমিক ৩ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছে। এটি ইউরোপে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে মূল্যবান চিত্রকর্মগুলোর একটি।
ধারণা করা হয়, ১৯১৭ সালে ক্লিমন্ট এ প্রতিকৃতিটি আঁকতে শুরু করেছিলেন। কিন্তু সম্পন্ন করতে পারেননি। ১৯১৮ সালে তিনি স্ট্রোক করে মারা যান। ক্লিমন্টের স্টুডিওতে চিত্রকর্মটির অসমাপ্ত অংশ রাখা ছিল। পরে এটি লিজার পরিবারকে দেওয়া হয়।