তরুণীর মাথায় সিসি ক্যামেরা বসালেন বাবা!   

নিজের মেয়ের সুরক্ষার জন্য অভিনব উপায় বের করেছেন পাকিস্তানের এক বাবা। মেয়ের মাথায় সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছেন তিনি! আর হাসিমুখে বাবার সিদ্ধান্ত মেনে নিয়েছেন ওই তরুণীও। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্য ভাইরাল হয়েছে এই ভিডিও। যেখানে দেখা যায়, মাথায় সিসি ক্যামেরা নিয়ে এক তরুণী সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। ওই পাক তরুণী জানান, মাথায় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন তাঁর বাবা। তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন, কাদের সঙ্গে মেলামেশা করছেন সব কিছুর ওপর নজর রাখছেন বাবা। 

কিন্তু কেন এই পদক্ষেপ? উত্তরে তরুণী বলেন, ‘বাবার সিদ্ধান্তে আমি খুশি। আমার সুরক্ষার কথা চিন্তা করেই তিনি এই পদক্ষেপ করেছেন। তাই আমি বাবাকে বাধা দিইনি।’

কীভাবে মাথায় এল সিসি ক্যামেরা লাগানোর কথা? উত্তরে তরুণী জানান, সম্প্রতি করাচিতে এক নারীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এখন কেউ সুরক্ষিত নন। ওই নারীর সঙ্গে যা হয়েছে, তা তাঁর সঙ্গেও হতে পারে। এই ঘটনা দেখে তাঁর বাবার মনেও ভয় তৈরি হয়। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তাঁর বাবা এই সিদ্ধান্ত নেন। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, তরুণীটির বাবা সিকিউরিটি গার্ড। তাই এই সিসিটিভির মাধ্যমে মেয়েকে সর্বক্ষণ নজরে রাখতে পারেন। এই ভিডিও সমাজমাধ্যমে ছড়াতেই কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। ভিডিওর নিচে একজন মন্তব্য করেছেন, ‘নেক্সট লেভেল সিউকিউরিটি।’