হালকা টান পড়লেই উঠে যাচ্ছে চুল, টাক হওয়ার আতঙ্কে ৩ গ্রাম

এক সপ্তাহের মধ্যে টাক হয়ে গেছে একটি জেলার তিন গ্রামের বেশ কয়েকজন মানুষ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামগুলোতে। এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের বুলধানা জেলায়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চুল পড়ার ঘটনায় বোরগাঁও, কালওয়াড় এবং হিঙ্গনা গ্রামের লোকজন গত কিছুদিন ধরেই আতঙ্কের মধ্যে আছে।   হালকা টান পড়লেই অনেকের চুল উঠে আসছে হাতে। এমন কাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। 

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, তিন গ্রামের অন্তত ৫০ জন চুল পড়ার সমস্যায় ভুগছেন। রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় পানির নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন বিশেষজ্ঞরা। 

চিকিৎসকরা বলছেন, দূষণের জেরেও চুল পড়তে পারে। যদিও সবটাই এখনও অনুমানের পর্যায়ে রয়েছে।