ভালোবেসে দুজন প্রতিশ্রুতি দিয়েছিলেন, সারাজীবন এক সঙ্গে কাটানোর। সেই প্রতিশ্রুতি রক্ষা করে সংসার জীবনের ৮৪ বছর কাটিয়ে ফেললেন এক ব্রাজিলিয়ান দম্পতি। ৮৪ বছর এক সঙ্গে থাকার পরও তাঁদের মধ্যে প্রেম অটুট। সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছেন এই দম্পতি।
এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই জানায়, ব্রাজিলের ম্যানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো (১০৫) ও মারিয়া ডি সুজা ডিনো (১০১) দম্পতি একসঙ্গে কাটিয়েছেন ৮৪ বছর ৮১ দিন! ১৯৪০ সালে ব্রাজিলের সেয়ারা প্রদেশের বোয়া ভেন্তুরার একটি চ্যাপেলে তাদের বিয়ে হয়। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম জীবিত বিবাহিত দম্পতি হিসেবে তাঁরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন।
ম্যানোয়েলের জন্ম ১৯১৯ সালে, আর মারিয়ার ১৯২৩ সালে। তাদের প্রথম আলাপ ১৯৩৬ সালের দিকে। কৃষিকাজে সম্পৃক্ত ছিলেন দুজনই। ১৯৪০ সালের দিকে মারিয়াকে প্রেমের প্রস্তাব দেন ম্যানোয়েল, সে বছরই বিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংকট, মহামারি, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা– কোনো কিছুই তাদের বিচ্ছিন্ন করতে পারেনি।
ম্যানোয়েল-মারিয়া দম্পতি তাদের সংসার জীবনে একসঙ্গে কঠোর পরিশ্রম করেছেন। কৃষিকাজ করেই পরিবারের ব্যয় নির্বাহ করতেন তাঁরা। সুখী এই দম্পতির রয়েছে ১৩ সন্তান, ৫৫ জন নাতি-নাতনি, ৫৪ জন প্রপৌত্র এবং তাদেরও আছে ১২ জন সন্তান! সবমিলিয়ে এখন শতাধিক সদস্যের পরিবার এই দম্পতির।
এর আগে সবচেয়ে দীর্ঘ দাম্পত্য জীবন কাটানোর রেকর্ড ছিল কানাডার ডেভিড জ্যাকব হিলার ও সারাহ ডেভি হিলারের দখলে। এই দম্পতি ৮৮ বছর ৩৪৯ দিন একসঙ্গে কাটিয়েছেন। তবে এই দম্পতি বেঁচে নেই এখন।