লম্বা জিহ্বা দিয়ে ওল্টাতে পারেন কাপ, ওঠাতে পারেন চামচ!

জিহ্বা দিয়ে নাক স্পর্শ করার মতো নানা কসরত করতে পারেন অনেকে। তবে জিহ্বা দিয়ে থুতনি ছুঁতে পারা, কাপ উল্টে দেওয়া কিংবা বাসন থেকে চামচ ওঠাতে পারেন কজন? লম্বা জিহ্বা দিয়ে এই সব কিছু করতে পারেন মার্কিন নারী চ্যানেল ট্যাপার।

ব্রিাটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, জিহ্বা দিয়ে নানা কসরতের পাশাপাশি বিশ্ব রেকর্ড গড়েছেন ট্যাপার। বিশ্বের দীর্ঘতম জিহ্বার অধিকারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছেন তিনি।

চ্যানেল ট্যাপারের জন্ম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। ট্যাপারের জিহ্বার দৈর্ঘ্য ৩ দশমিক ৮ ইঞ্চি বা ৯ দশমিক ৭৫ সেন্টিমিটার। ট্যাপারের জিহ্বা মধ্যম আকারের বৈদ্যুতিক বাল্বের চেয়েও লম্বা।

ট্যাপারের জিহ্বা এত লম্বা যে তা দেখে অনেকে ভয় পেয়ে যান। এমনকি জিহ্বা দেখে অনেক সময় কেউ কেউ চিৎকার করে ওঠেন।  
 
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সম্প্রতি প্রকাশিত এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী ট্যাপার বলেন, ‘সত্যি বলতে এখন পর্যন্ত যত প্রতিক্রিয়া পেয়েছি, সেগুলোর মধ্যে সবচেয়ে সেরা হলো, আমার জিহ্বা দেখে ভয় ও আতঙ্কে কেউ কেউ অনেক সময় চিৎকার করে উঠেছেন। এতে আমি বেশ মজা পেয়েছি।’

জিহ্বা দিয়ে নানা রকমের কসরত করতে পারেন চ্যানেল ট্যাপার। শুরুতে বন্ধুবান্ধবের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। তবে কয়েক বছর পর তাঁর জিহ্বার এসব কর্মকাণ্ড ইউটিউবে ভাইরাল হয়। 
 
২০১০ সালে লস অ্যাঞ্জেলেসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ট্যাপারকে আমন্ত্রণ জানায়। সেখানে আনুষ্ঠানিকভাবে তাঁর জিহ্বা পরিমাপ করা হয়। ওই অনুষ্ঠানে আরও দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই নারীদের জিহ্বার গড় দৈর্ঘ্য ছিল ১ দশমিক ৯ সেন্টিমিটার। সেখানে ট্যাপারের জিহ্বার দৈর্ঘ্য ৯ দশমিক ৭৫ সেন্টিমিটার।

বিশ্বের নারী ও পুরুষের উভয়ের মধ্যে চ্যানেল ট্যাপারের জিহ্বা সবচেয়ে লম্বা। তাঁর চেয়ে লম্বা জিহ্বার অধিকারী কাউকে এখনো পাওয়া যায়নি।