কিছুক্ষণ পরই চাকরির পরীক্ষা। অপেক্ষায় থাকা প্রার্থীদের মধ্যে একজনের অ্যাডমিট কার্ড ছোঁ মেরে পালাল ইগল! আচমকা এই ঘটনায় মাথায় হাত ওই চাকরি প্রার্থীর।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে জানা যায়, গত বৃহস্পতিবার কেরালার কাসারাগড়ে একটি সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। ওই স্কুলটিতে কেরালার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার জন্য অপেক্ষায় ছিলেন কয়েক শ পরীক্ষার্থী। এদের মধ্যে একজন প্রার্থীর সঙ্গে অপ্রত্যাশিত এক ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৭টার সময় পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগ মুহূর্তেই হাত থেকে অ্যাডমিট ছিনিয়ে নেয় একটি ঈগল। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার কলা হয়। ভিডিওতে দেখা যায়, ইগলটি পরীক্ষার্থীর হাত থেকে অ্যাডমিট ছিনিয়ে পরীক্ষাকেন্দ্রের একটি জানালার ওপরে গিয়ে বসে। নিচে রীতিমতো শোরগোল পড়ে যায়। অদ্ভুত সেই দৃশ্য দেখার জন্য ভিড় জমান অনেকে।
একই জায়গায় বেশ কয়েক মিনিট স্থির হয়ে বসে থাকে ঈগলটি, আর পায়ে ধরে রাখে অ্যাডমিট কার্ড। এর কিছুক্ষণ পর একেবারে সকলকে চমকে দিয়ে যে প্রার্থীর হাত থেকে নিয়েছিল, তার কাছেই ফেলে দেয় অ্যাডমিটটি। এমনকি সময়মত পরীক্ষাকেন্দ্রে ঢুকে যান সেই চাকরি প্রার্থী।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে। এরই মধ্যে বহু মানুষ ভিডিওটি দেখেছেন। অনেক লাইক-কমেন্ট পড়েছে। মজার সব মন্তব্য করেছেন নেটিজেনরা।