বিয়েবাড়ির সাজ, গান, অতিথি—সব ঠিকঠাক চলছিল। হঠাৎই মুহূর্তে বদলে গেল পরিবেশ! কারণ? একটি এয়ার কুলার!
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসির নন্দপুরা এলাকায়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, গত ২৮ মে নন্দপুরার গণেশি রায়কোয়ারের কন্যা স্বপ্নার সঙ্গে বিয়ে হচ্ছিল সোনুর। আচার-অনুষ্ঠান চলছিল যথারীতি। বর-কনের পাশে রাখা এয়ার কুলারের সামনে গিয়ে দাঁড়ান বরপক্ষের কয়েকজন। কিন্তু সেখানেই বাধে বিপত্তি।
কনেপক্ষ তাঁদের সরতে বললে শুরু হয় কথার যুদ্ধ, যা গড়ায় চেয়ার ছোড়াছুড়িতে! নিমন্ত্রণে আসা অতিথিদের পাতে খাবার ওঠার আগেই, হাত চলে যায় চেয়ারে!
বরপক্ষের অভিযোগ, কনেপক্ষ ও স্থানীয় লোকজন মিলে তাঁদের মারধর করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বরপক্ষ খাওয়া-দাওয়া না করেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশও উপস্থিত হয়। যদিও তখন ততক্ষণে ঝামেলা থেমে গিয়েছে। কনের পরিবারের তরফে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।
কনের ভাই মোহিত বলেন, ‘কয়েকজন কুলারের সামনে এসে বসার চেষ্টা করছিল। আমরা তাঁদের সরে যেতে বলেছিলাম। সরে যাওয়ার পরিবর্তে তাঁরা ঝামেলা শুরু করে দেন।’
সার্কেল অফিসার রামবীর সিং বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে একটি বিয়েতে মারামারির দৃশ্য দেখা যাচ্ছে। আমাদের কাছে একটি অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।’