সন্তানের নাম রাখা নিয়ে মা-বাবার মধ্যে আনন্দের পাশাপাশি ভাবনারও যেন শেষ থাকে না। স্বজন কিংবা পরিচিতদের সহায়তা নেন অনেকে। সদ্য মা-বাবা হয়েছেন এমন মানুষদের সন্তানের নাম রেখে সহায়তা করে থাকেন অনেকে। কেউ কেউ আবার সেই শখকে পরিণত করেন পেশায়!
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের বাসিন্দা টেইলর এ হামফ্রে শিশুদের নামকরণকে পেশায় পরিণত করেছেন। মা-বাবাকে নবজাতকের জন্য নাম খুঁজে পেতে সহায়তা করাই তাঁর কাজ। বিনিময়ে তিনি নিয়ে থাকেন কয়েক লাখ টাকা। কোনো শিশুর জন্য নাম খুঁজে দিতে হামফ্রে সর্বোচ্চ ৩০ হাজার ডলার পর্যন্ত নেন, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৩৬ লাখ টাকা।
নাম রাখার প্রতি এই নারীর ভালোবাসা পুরোনো। এক দশক আগে তিনি শিশুদের নামকরণে অনলাইনে সেবা দেওয়া শুরু করেন। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলে শিশুদের নাম রাখা নিয়ে প্রচার শুরু করেন। টিকটক ও ইনস্টাগ্রামে বর্তমানে তাঁর অনুসারীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত পাঁচ শতাধিক শিশুর নাম রাখতে সহায়তা করেছেন হামফ্রে।
অন্তঃসত্ত্বা নারীদের মানসিক ও শারীরিক সহায়তা দেওয়ার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ আছে হামফ্রের। এ ছাড়া ব্র্যান্ডিং ও বিপণন নিয়েও তাঁর অভিজ্ঞতা আছে।
নবজাতকের মা-বাবার পছন্দ বুঝতে হামফ্রে তাদের অনেক ধরনের প্রশ্ন করেন। ইমেইলে নামের তালিকা দিয়ে পরামর্শ দিতে তিনি নেন ২০০ ডলার। আর পূর্ণাঙ্গ প্যাকেজের জন্য নেন ৩০ হাজার ডলার। এই প্যাকেজে অন্যান্য কিছুর মধ্যে যে শিশুর নাম রাখা হবে, তার পারিবারিক ইতিহাস ঘেঁটে নেন তিনি।
শিশুর নাম রাখা নিয়ে মা-বাবার মধ্যে ভিন্নমত দেখা দিলে হামফ্রেকে অনেক সময় মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতে হয়। ধনী পরিবারের পাশাপাশি পরিচিত তারকারাও নবজাতকের নামকরণে তাঁর দ্বারস্থ হন বলে জানা যায়।