ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
ভারতের সংবাদ মাধ্যম এপিবি আনন্দের এক প্রতিবেদনে এই অদ্ভুত ঘটনা জানা গেছে। এতে বলা হয়েছে, দেশটির এয়ারলাইনস ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়ের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ নভেম্বর কর্নাটকের মেঘা ক্ষীরসাগর এবং ওড়িশার সঙ্গম দাসের বিয়ে হয়। তাদের বৌভাত হওয়ার কথা ছিল ৩ ডিসেম্বর হুবলির গুজরাট ভবনে। সে অনুযায়ী, তাঁরা বেঙ্গালুরু হয়ে একটি ইন্ডিগোর ফ্লাইটে টিকিট কেটেছিলেন। কথা ছিল ২ ডিসেম্বর তারা হুব্বলি পৌঁছাবেন। এদিকে মুম্বাই থেকেও কয়েকজন আত্মীয়ের হুব্বলি আসার কথা ছিল।
কিন্তু যাত্রার দিন সকালে এই নবদম্পতি জানতে পারেন যে তাদের ফ্লাইটটি বাতিল হয়েছে। অন্যদিকে, বিকল্প ফ্লাইটের টিকিটের দামও তখন আকাশছোঁয়া। ফলে বুঝতে আর বাকি থাকলো না যে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানে পৌঁছানো সম্ভব নয়। ততক্ষণে অতিথিরা চলে এসেছেন এবং আয়োজনও প্রায় সব শেষ।
শেষ পর্যন্ত দুই পরিবার সিদ্ধান্ত নেয়, তারা অনুষ্ঠানটি চালিয়ে যাবে। ঠিক সময়মতো অনুষ্ঠানের বড় পর্দায় সেজেগুজে হাজির হলেন নবদম্পতি। শেষ পর্যন্ত এভাবেই প্রযুক্তির সাহায্যে বৌভাতের অনুষ্ঠান সারলেন তারা।