সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি উত্তরপ্রদেশের অমরোহা জেলার একটি মন্দিরের। এতে ওই যুবককে প্রথমে আগুনের চারপাশে ঘুরতে এবং পরে প্রতিটি কনের কপালে সিঁদুর পরিয়ে দিতে দেখা যাচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, ভিডিওর ওই তিন নারী অমরোহার ধোরিয়া গ্রামের সরোজ, সাবিত্রী ও সন্তোষ। তাঁদের মধ্যে দুজন আপন বোন এবং অন্যজন চাচাতো বোন। বরের নাম বিকাশ।
ওই নারীরা জানান, তাঁরা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছেন এবং বিয়ের পরও একে অপরের থেকে আলাদা হতে চাননি। তাঁদের দাবি, পরিবার আলাদা আলাদা পাত্রের সঙ্গে তাঁদের বিয়ের আয়োজন শুরু করেছিল; তাই একসঙ্গে থাকতেই তিনজনই বিকাশকে বিয়ের সিদ্ধান্ত নেন।
এনডিটিভি আরও জানায়, সরোজ স্নাতক পড়ছেন আর সাবিত্রী ও সন্তোষ দ্বাদশ শ্রেণি পাস করেছেন।
বর বিকাশ জানান, এই নারীদের মধ্যকার গভীর ভালোবাসার কথা বিবেচনা করে তিনি এই প্রস্তাবে রাজি হয়েছেন।
ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পরপরই এই বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। কয়েকটি হিন্দু সংগঠন এই বিয়ের আইনি ভিত্তি এবং ধর্মীয় রীতি পালন নিয়েও প্রশ্ন তুলেছে।
উল্লেখ্য, ভারতের 'হিন্দু বিবাহ আইন, ১৯৫৫' অনুযায়ী বহুবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ।