তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদাদ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও চার উচ্চপদস্থ লিবিয়ান কর্মকর্তা ও বিমানের ৩ ক্রু সদস্য।

মঙ্গলবার রাতে আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবাহ সেনাপ্রধানের নিহতের ঘটনা নিশ্চিত করেছেন। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তিনি।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উড্ডয়নের প্রায় ৩০ মিনিট কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার আগে বিমানটি জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল। পরে আঙ্কারা থেকে ৭৪ কিলোমিটার দূরে হাইমানা জেলার কাছে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।

চলতি সপ্তাহে তুর্কি সেনাপ্রধান ও অন্যান্য সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করতে আঙ্কারা সফরে এসেছিলেন আল-হাদাদ।