হরমুজ প্রণালিতে একটি তেলের ট্যাঙ্কারে গুলির খবর পাওয়া গেছে। একটি ট্যাঙ্কার জানিয়েছে যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত দুটি গানবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসকে (ইউকেএমটিও) উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউকেএমটিও জানায়, ওমানের উত্তর-পূর্বে ২০ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে। ট্যাঙ্কার ও এর নাবিকেরা নিরাপদ অবস্থায় আছেন বলে জানা গেছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ জানিয়েছে, প্রণালি পার হওয়ার চেষ্টার সময় সেগুলো গুলিবিদ্ধ হয়েছে।
অন্যদিকে শিপিং খাতের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কিছু বাণিজ্যিক জাহাজ ইরানি নৌবাহিনীর কাছ থেকে রেডিও বার্তা পেয়েছে। এতে বলা হয়েছে, হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরানি নৌবাহিনী ট্যাঙ্কারগুলোকে জানিয়েছে, প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি নেই।
যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নেওয়ায় শনিবার ফের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় ইরান।