ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
তিনি জানান, আহতের সংখ্যা ১২ হাজার ৪০০। সেইসাথে ২৪ জুনের শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর এপর্যন্ত সাড়ে আটশ’র বেশি আফটারশক অনুভূত হয়েছে বলেও জানান ডেলসি।
রয়টার্স জানিয়েছে, এখনও নিখোঁজ রয়েছে ৩৮ হাজার ৬শ’র বেশি।এতে প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পরপর নিখোঁজের সংখ্যা ৫০ হাজারের বেশি বলা হলেও পরে সেই সংখা সংশোধন করে কর্তৃপক্ষ।
এদিকে, উদ্ধার কাজের পাশাপাশি জটিল হয়ে উঠেছে ভেনেজুয়েলার লা গুয়াইরা রাজ্যে জরুরি ত্রাণ কার্যক্রম। বাস্তুচ্যুত ১৩ হাজার মানুষের মধ্যে খাদ্য, পানি এবং চিকিৎসা সামগ্রী বিতরণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রায় ৫ লাখ মানুষের জন্য তিন মাসের খাবার সরবরাহে ৫ কোটি ডলারের তহবিল আবেদন করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এরইম্যধে বেশ কয়েকটি দেশ এবং আঞ্চলিক জোট ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। যারমধ্যে ৩০ কোটি ডলারের সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।