কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব?   

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। গুতেরেসের পর পরবর্তী মহাসচিব বাছাইয়ে শুক্রবার তৃতীয় দফার অনানুষ্ঠানিক ভোটাভুটি করে নিরাপত্তা পরিষদ।   

তবে এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এ গোপন ভোটেও কোনো প্রার্থী স্পষ্ট ব্যবধানে এগিয়ে যেতে পারেননি।

আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ। তাঁর স্থলাভিষিক্ত হতে এখন আট প্রার্থী লড়ছেন।   

মহাসচিব হতে হলে একজন প্রার্থীকে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে অন্তত ৯টি ভোট পেতে হয়। একই সঙ্গে স্থায়ী পাঁচ পরাশক্তির সম্মতিও পেতে হয়।   

বর্তমানে পাঁচ পরাশক্তি—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে গভীর বিভক্তি ও মতবিরোধ থাকায় নতুন মহাসচিব নির্বাচন কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নানা সংকটে থাকা জাতিসংঘে এবার একজন নারী মহাসচিব দেখতে চায় নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্যদেশ।