তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে।
বুধবার এক বিবৃতিতে টার্কিস এয়ারলাইনস জানায়, তারা বোয়িংয়ের কাছ থেকে মোট ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১০০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের ক্রয় আদেশ নিশ্চিত করা হয়েছে। আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে। আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নিউইয়র্কে অবস্থানকালে এ ঘোষণা দেওয়া হয়। এর এক দিন আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে তিনি অংশ নেন।
ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে বলেন, এটি বোয়িং ও আমেরিকার উৎপাদন খাতের জন্য বড় দিন। ওই পোস্টে তিনি বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, এ চুক্তির মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের বিক্রি হবে এবং যুক্তরাষ্ট্রে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে।