কড়া নিরাপত্তা আর গভীর মতবিরোধের মধ্য দিয়ে শুরু হয়েছে জলবায়ু সম্মেলনের চূড়ান্ত সপ্তাহ। প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা, জলবায়ু খাতে অর্থায়ন, ও জীবাশ্ম জ্বালানি নিয়ন্ত্রণের মতো বিতর্কগুলোর ইতি টানতে হিমশিম খাচ্ছেন অতিথি ও আলোচকরা। চূড়ান্ত ঘোষণাপত্রের বিধিমালা কতটা জোরালো হবে, তা নিয়েও রয়েছে বিভক্তি। খবর রয়টার্সের।
একদিকে তেল, গ্যাস ও কয়লা ব্যবহারের ইতি টানার ঘোর বিরোধিতা করছে জীবাশ্ম জ্বালানিনির্ভর দেশগুলো। আর অন্যদিকে ইউরোপীয় জোট আর জলবায়ু বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশগুলো নিজ নিজ প্রতিশ্রুতির পক্ষে অনড় অবস্থানে রয়েছে।
এই অচলাবস্থা কাটাতে আনতালিয়ার জলবায়ু সম্মেলনের শেষ সপ্তাহে সবার ঐকমত্য তৈরির চেষ্টা চালাচ্ছে স্বাগতিক দেশ তুরস্ক ও প্রধান আলোচকরা। তবে শেষ মুহূর্ত পর্যন্ত কঠিন দরকষাকষির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
এদিকে আশার আলো দেখাচ্ছে তুরস্কের প্রস্তাবিত আন্তর্জাতিকভাবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ। তারই সমান্তরালে চলছে বৈশ্বিক উষ্ণতা রোধে জোরালো জনমত গঠনেও ফলপ্রসূ আলোচনা।
কপ৩১ এর প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, ‘জলবায়ু দুর্যোগের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য অর্থায়ন ও ন্যায়সংগত অভিযোজন প্রক্রিয়া নিশ্চিত করতে সবাই একই অবস্থানে আছেন। স্বাভাবিকভাবেই, কিছু মতপার্থক্য রয়েছে। যা নিরসন করা জরুরি। এখন পর্যন্ত, ৩০টিরও বেশি দেশের সরকার ও একশ বেসরকারি প্রতিষ্ঠান এ অঙ্গীকারকে সমর্থন জানিয়েছে।’
অন্যদিকে, কপ থার্টি ওয়ানকে প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্মেলন হিসেবে প্রতিষ্ঠা করতে জোর দিচ্ছেন আফ্রিকান প্রতিনিধিরা। সে লক্ষ্যেই দেড় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্যমাত্রার সাথে মিল এক পিটিশনে রেখে দেড়শ কোটি স্বাক্ষর আদায়ের ক্যাম্পেইন চালু করেছেন বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলি। যার মূল লক্ষ্য পরিবেশ রক্ষায় দ্রুত মিথেন গ্যাসের নির্গমন হ্রাস করা।
২০২৭ সালে ইথিওপিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া কপ থার্টি টু সম্মেলনের সঙ্গে এবারের আয়োজনকে গুরুত্বপূর্ণ সোপান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাই চূড়ান্ত পর্যায়ে আলোচকদের প্রধান এজেন্ডার মধ্যে গুরুত্ব পাচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়ন বাড়ানো আর অনুদানভিত্তিক অভিযোজন তহবিল সহজলভ্য করার দাবি।