ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে, এমন অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এই তৎপরতার মধ্যে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের হামলার বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প। দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।।
গত সপ্তাহে ট্রাম্প ইরানে নতুন করে বড় হামলার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করলেও এ বিষয়ে তাঁর অবস্থান চূড়ান্ত হয়নি। এশিয়া সফর শেষে চলতি সপ্তাহে ফিরে বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া জোরালো হতে পারে।
সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা, পিকঅ্যাক্স মাউন্টেন, সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং সামরিক ও বেসামরিক নেতারা রয়েছেন। তবে বুধবার ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ইরানে হামলার বিষয়ে ১ জানুয়ারির পর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্পের ওপর বিভিন্ন পক্ষের চাপ রয়েছে। নেতানিয়াহু দ্রুত যুদ্ধ শুরুর পক্ষে থাকলেও উপসাগরীয় দেশগুলোর নেতারা আশঙ্কা করছেন, ইরান তাদের তেল ও গ্যাস স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে। তাই তাঁরা সামরিক পদক্ষেপের পরিবর্তে অর্থনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলও এ বিষয়ে বিভক্ত। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ কয়েকজন বড় ধরনের সামরিক অভিযানের পক্ষে।
এদিকে ইরানের রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য তুলে ধরেছেন ইসরায়েলের মোসাদপ্রধান রোমান গফম্যান। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে তিনি সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ ও হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলের দাবি, ইরান রাসায়নিক অস্ত্র নিয়ে গবেষণা, উন্নয়ন ও পরীক্ষা বাড়িয়েছে। তবে দুই দেশের কর্মকর্তাদের একাংশের মতে, ইরানের বর্তমানে এ ধরনের হামলা চালানোর সক্ষমতা নেই। যুক্তরাষ্ট্রের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ইসরায়েলের দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্টকমপ্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বুধবার ইসরায়েল সফরে আইডিএফপ্রধান ইয়াল জামির ও গফম্যানের সঙ্গে বৈঠক করেন। সেখানে ইরান পরিস্থিতি এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় যৌথ প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পরে সৌদি আরবে গিয়ে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে ইরান ও ইয়েমেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।