ত্রিপক্ষীয় বৈঠক

কূটনৈতিক সাফল্যের চেয়ে প্রচারে মনোযোগী ট্রাম্প, আধিপত্য ধরে রেখেছেন পুতিন

তিন পরাশক্তির প্রথম ত্রিপক্ষীয় বৈঠক, অথচ অর্জন সামান্যই। ইউক্রেন যুদ্ধ থেকে বৈশ্বিক নিরাপত্তা, কোনো ইস্যুতেই মেলেনি বড় সমাধান। বরং বৈঠকের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে তিন নেতার একসঙ্গে বসার ছবি আর পারস্পরিক সৌজন্য বিনিময়। বিশ্লেষকেরা বলছেন, কূটনৈতিক সাফল্যের চেয়ে প্রচারেই বেশি মনোযোগী ছিলেন ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আন্তর্জাতিক মঞ্চে আলোচনার কেন্দ্রে থাকাই ছিল ট্রাম্পের লক্ষ্য। 

তিন দিনের এশিয়া সফরে ট্রাম্পের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চীনে তাঁর অভ্যর্থনা, এপেক সম্মেলনের নৈশভোজে বিশেষ আসন, সবকিছুই ছিল মার্কিন প্রেসিডেন্টের পছন্দসই জাঁকজমকে ভরা। এমনকি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব আয়োজনকেই সফরের সাফল্যের প্রমাণ হিসেবে তুলে ধরেন তিনি।

কিন্তু বৈঠকের যৌথ বিবৃতিতে বড় কোনো কূটনৈতিক অগ্রগতির প্রতিফলন নেই বলছেন বিশ্লেষকেরা। পারমাণবিক যুদ্ধ এড়ানো ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষার অঙ্গীকার থাকলেও অস্ত্র নিয়ন্ত্রণ কিংবা ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক উত্তেজনা কমাতে আসেনি সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত। বরং ভবিষ্যতে সংলাপ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থেকেছেন নেতারা।

এদিকে পরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর কথা বলা হয়েছে, যা রাশিয়ার স্বার্থের সঙ্গে মেলে। রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের সমালোচনাও। তবে ইউক্রেন যুদ্ধের মতো বড় সংকট নিয়ে ত্রিপক্ষীয় ঘোষণায় কোনো উল্লেখ নেই।

ফলে যুদ্ধ বন্ধে কিংবা মস্কোর ওপর চাপ তৈরিতে এই বৈঠক থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি না আসায় আশাহত ইউরোপীয় দেশগুলো। তবে বার্লিনে ইউক্রেনের মিত্রদের বৈঠকে ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করেন  ন্যাটো মহাসচিব মার্ক রুটে । যদিও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর শঙ্কা, এ ধরনের বৈঠক পুতিনকে যুদ্ধের ময়দানে নিজের অবস্থান নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলতে পারে।

অন্যদিকে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের উষ্ণ করমর্দন আর পুতিনকে বন্ধু বলে সম্বোধন নিয়েও সমালোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রে। রিপাবলিকানদের আশঙ্কা, পুতিনকে সমমর্যাদার বিশ্বনেতা হিসেবে মঞ্চে তুলে ধরার মাধ্যমে ইউক্রেনে রুশ আগ্রাসনের বাস্তবতা আড়াল হতে পারে। একইসাথে কূটনৈতিক যোগাযোগ জরুরি হলেও রাশিয়া-চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রতিপক্ষের পরিচয় ভুলে গেলে চলবে না বলে মনে করেন ডেমোক্র্যাটরা।