ইউক্রেনের বিরুদ্ধে রুশ ভূখণ্ডে ড্রোন হামলা জোরদারের অভিযোগ করেছে রাশিয়া। ক্রেমলিনের দাবি, মস্কো ও ক্রিমিয়ার সেভাস্তোপলের কাছে অন্তত ১৩টি ড্রোন ভূপাতিত করেছে তারা। রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কে ইউক্রেনের হামলায় এক নারী নিহত ও ৭ জন আহত হয়েছে। এদিকে, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেয়ায়, নিজেদের পশ্চিম সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া।
প্রায় দেড় বছর ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। সময় গড়ানোর সাথে সাথে মস্কোকে লক্ষ্য করে বাড়ছে ইউক্রেনের হামলা।
বৃহস্পতিবার রাজাধানী মস্কোর কাছে ২টি ও ক্রিমিয়ার সেভাস্তোপলের কাছে ১১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি করে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
এই নিয়ে চলতি সপ্তাহে চার বার রাশিয়ায় ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে। মে মাসের শুরুতে দেশটিতে প্রথম ড্রোন হামলার ঘটনা ঘটে।
রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্কের পূর্বাঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে। ইউক্রেনের ছোঁড়া ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে আঘাত হানলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দোনেৎস্কের রুশ নিয়োগকৃত মেয়র।
নিজেদের পশ্চিম সীমান্তে সেনা উপস্থিতি ও সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের জেরে এই পদক্ষেপ।
রাশিয়া প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, পশ্চিমা দেশগুলো সম্মিলিতভাবে রাশিয়ার বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেয়ায় পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা হুমকি বেড়েছে। ন্যাটো ফিনল্যান্ডে উল্লেখ্যযোগ্য সেনা ও অস্ত্র মোতায়েন করতে পারে। এর মাধ্যমে রাশিয়ার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হতে পারে।
এদিকে, রুশ হামলা প্রতিহতে ইউক্রেনকে বাড়তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে জার্মানি। নতুন ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করে জার্মানির সহায়তাকে সাধুবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।