সোমালিয়ার একটি ব্যস্ত সৈকতে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অন্তত ৩২ জন নিহত ও ৬৩ জন আহত হয়েছে। গতকাল শনিবার রাজধানী মোগাদিসুর কাছে লিডো সৈকতে সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব এ হামলা চালিয়েছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি বলছে, আল-কায়দা সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের সদস্যরা আত্মঘাতী ও বন্দুক হামলার মাধ্যমে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মোগাদিসুর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। মোহাম্মদ ওমর নামের একজন কর্মকর্তা বলেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পাঁচ বন্দুকধারীকে হত্যা করে। ষষ্ঠ আরেকজন আত্মঘাতী হামলা চালাতে গিয়ে নিহত হন।
লিডো ব্যবসায়ী এবং কর্মকর্তাদের কাছে বেড়ানোর জায়গা হিসেবে বেশ জনপ্রিয়। গতকাল লিডোতে হামলার পর বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওগুলোতে দেখা গেছে, সৈকতে রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। এ ছাড়া রাস্তার পাশেও অনেক মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তবে এএফপি ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
সোমালিয়া পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান বলেন, ‘বর্বরোচিত এ হামলায় ৩২ জন নিরীহ বেসামরিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ৬৩ জন। আহতের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। এত বেসামরিক মানুষ হতাহত হওয়া এটিই প্রমাণ করে যে, এই সন্ত্রাসীরা শুধু সামরিক অফিসার, সেনাসদস্য ও সরকারি কর্মকর্তাদের ওপরেই শুধু হামলা চালায় না।’
এরই মধ্যে আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। সোমালিয়ার এই সন্ত্রাসী গোষ্ঠী ১৭ বছরেরও বেশি সময় ধরে সোমালিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে।