মোজাম্বিকে সহিংস রাজনীতিতে বাংলাদেশিদের ক্ষতি প্রায় ৩০০ কোটি টাকা

মোজাম্বিকে সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশিদের ক্ষতি হয়েছে আনুমানিক ৩০০ কোটি টাকা। ক্ষতিপূরণের অনিশ্চয়তার পাশাপাশি দেশটিতে ব্যবসা-বাণিজ্য নিয়ে সংকটে পড়েছেন বাংলাদেশিরা। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, ক্ষতিপূরণ পেতে মোজাম্বিককে কূটনৈতিক প্রক্রিয়ায় অনুরোধ জানাতে হবে বাংলাদেশকে। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেও মনে করেন তাঁরা।

মোজাম্বিকে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টি হয় গত ২৪ অক্টোবর থেকে। নির্বাচনের ফল ঘোষণার পর বেশ কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে মোজাম্বিকে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েন। মাপুটো, নাম্পুলা ও জাম্বেজিয়া প্রদেশে বসবাসকারী বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিক্ষোভকারীদের তাণ্ডবে তিন শতাধিক বাংলাদেশি মালিকানাধীন দোকান লুটপাট ও সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। হামলা ও লুটপাট হয়েছে বাসাবাড়িতেও।

মোজাম্বিকে বাংলাদেশ কম্যুনিটির আহ্বায়ক আনিসুর রহমান জানান,দেশটিতে বৈধ-অবৈধ মিলিয়ে আট থেকে দশ হাজার বাংলাদেশির বসবাস। যার মধ্যে অন্তত ৫ হাজার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, ক্ষতিপূরণ আদায়ে মোজাম্বিককে মানবিক দৃষ্টিকোণ থেকে অনুরোধ জানাতে হবে।

মোজাম্বিকে বাংলাদেশের অনাবাসিক দূতাবাসের দায়িত্ব পালন করছে পর্তুগালে বাংলাদেশের দূতাবাস।

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লায়লা মুনতাজেরী দিনা জানান, গুরুত্বের সাথে বিষয়টি পর্যালোচনা করছে বাংলাদেশ।