যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসা নিয়ে যাওয়া বিদেশি নাগরিকদের গ্রিনকার্ডের আবেদন করতে হলে নিজ দেশে ফিরে যেতে হবে। বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গ্রিনকার্ডের আবেদনগুলো যাতে অভিবাসনের স্বাভাবিক ও নির্ধারিত প্রক্রিয়া মেনে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই নতুন এই নীতি প্রণয়ন করা হয়েছে বলে জানানো হয়েছে।
ট্রাম্প প্রশাসনের মতে, বিদ্যমান ব্যবস্থার আইনি ফাঁকফোকর ব্যবহার করে বিদেশি নাগরিকেরা যাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে না পারেন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
এছাড়া গ্রিনকার্ডের নতুন নিয়ম সবার জন্য ঢালাওভাবে কার্যকর করা হবে না। প্রত্যেক আবেদনকারীর নিজস্ব পরিস্থিতি ও কাগজপত্র একজন অভিবাসন কর্মকর্তা আলাদাভাবে খতিয়ে দেখবেন। একইসাথে আবেদন মূল্যায়নের সময় কিছু শর্ত কঠোরভাবে বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে।



