মিশরে ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩১

মিশরের রাজধানী কায়রোতে জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকারটি উল্টে গিয়ে আশপাশের যানবাহনের ওপর জ্বালানি ছড়িয়ে পড়ে। ট্যাংকারটির সামনে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্যাংকারটি সড়কের বিভাজক অতিক্রম করে উল্টে যায় এবং আগুন ধরে যায়। এ সময় ট্যাংকারটি উল্টে গিয়ে আশপাশের যানবাহনের ওপর জ্বালানি ছড়িয়ে পড়ে।

এ দুর্ঘটনার তদন্ত করছে কর্তৃপক্ষ। নিহতদের পরিচয় শনাক্তে মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া মিশরে সড়ক দুর্ঘটনাও নিয়মিত ঘটে। সড়কের দুর্বল রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক আইন অমান্য করাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।