ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এ হিসাব দিয়েছে বিবিসি।
বিবিসির হাতে আসা নথিতে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর রেকর্ড বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। বেলারুশের সাইবার পার্টিজানস বিওয়াই ও ইউক্রেনের সাইলেন্ট ক্রো নামের দুটি গোষ্ঠীর সাইবার হামলায় এসব তথ্য ফাঁস হয়। রসস্ট্যাট হামলার কথা স্বীকার করলেও সংবেদনশীল তথ্য ফাঁসের বিষয়টি অস্বীকার করেছে।
রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনার সঙ্গে মিলে বিবিসি ফাঁস হওয়া তথ্যের সঙ্গে উন্মুক্ত সূত্রে সংগৃহীত রুশ সেনাদের মৃত্যুর তালিকা মিলিয়ে দেখে। এতে দুই তালিকার ৯০ শতাংশ তথ্যের মিল পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী মৃত পুরুষদের ৬৫ শতাংশের মৃত্যু হয়েছে ইউক্রেন যুদ্ধে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার ৫৯ শতাংশ। শুধু ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে যুদ্ধের চেয়ে হৃদরোগে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বিবিসির বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধের প্রথম বছরে নিহত রুশ সেনাদের গড় বয়স ছিল ৩৪ বছর। ২০২৫ সালে তা বেড়ে ৪০ বছরে দাঁড়ায়।
রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার দরিদ্র অঞ্চলগুলোতে প্রাণহানির হার বেশি। তুভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্কি ক্রাই অঞ্চলের পুরুষদের যুদ্ধে নিহত হওয়ার আশঙ্কা মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি।
বিবিসির নিজস্ব তালিকায় এখন পর্যন্ত ২ লাখ ৯০ হাজার ১২ জন রুশ সেনার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে সামরিক বিশেষজ্ঞদের ধারণা, প্রকৃত প্রাণহানির সংখ্যা ৫ লাখ ২৭ হাজার থেকে ৬ লাখ ৪৪ হাজারের মধ্যে হতে পারে।
রাশিয়ার পক্ষে যুদ্ধে অন্তত ৫ হাজার ১৭ জন বিদেশি নাগরিকও নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এ ছাড়া স্যাটেলাইট চিত্র ও উত্তর কোরিয়ার স্মৃতিসৌধের ছবি বিশ্লেষণ করে ২ হাজার ৩০৪ জন নিহত উত্তর কোরীয় সেনাকে শনাক্ত করেছে সংবাদমাধ্যমটি।


