সহিংসতার শিকার হওয়ার পর অভিযোগ জানাতে এবং নিরাপত্তার জন্য পুলিশের কাছে ফোন করেছিলেন এক মার্কিন নারী। পুলিশ সেই ফোনের জবাবও দেয়। এমনকি ওই নারীর বাসায়ও আসেন তিনি। সেখানে গুলির ঘটনা ঘটলে একসময় পুলিশের গুলিতে মারা যান ওই নারী।
আমেরিকার লস অ্যাঞ্জেলসে গত ৪ ডিসেম্বর এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ওইদিন সন্ধ্যায় ২৭ বছর বয়সী কৃষ্ণাঙ্গ নারী নিয়ানি ফিনলেসন জরুরি পরিষেবা ৯১১ এ ফোন করেন। তিনি বলেন, তাঁর প্রেমিকের নির্যাতনের শিকার হয়েছেন তিনি।
লস অ্যাঞ্জেলসের কাউন্টি শেরিফ বিভাগ থেকে জানানো হয়, এই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই ইস্ট অ্যাভিনিউয়ের বাসায় যান বিভাগের কর্মকর্তারা। সেখানে গিয়েই তারা মানুষের চিৎকার শুনতে পান। ঘরের ভেতর থেকে আসছিল আওয়াজ। পুলিশ ঘরের দরজা খুলে দেখতে পায়, এক নারী হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছেন।
পুলিশ জানায়, ৯ বছর বয়সী একটি মেয়েকে নিয়েই প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটি করছিলেন ওই নারী। ওই সময় দুজনের হাতেই ছিল ধারালো অস্ত্র। পরিস্থিতি শান্ত করতে পুলিশ গুলি চালালে ওই নারী গুলিতে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, ৯১১ এ ফোন করে ওই নারী প্রেমিকের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ করেন। তিনি বলেন, ওই ছেলে তাঁর সাবেক প্রেমিক। তার ৯ বছর বয়সী মেয়েকে তিনি (সাবেক প্রমিক) পিটিয়েছেন।