যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে নিজ পরিবারের ৬ জনকে গুলি করে হত্যার পর এক বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।
জানা যায়, দুপুর ১২টার দিকে প্রথম একটি বাড়ি থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখান থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারী পালিয়ে যান।
পরে আরও ২টি স্থানে তল্লাশি চালিয়ে আরও দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। যাদের মধ্যে একজন একটি বাড়িতে ও অন্যজন কাছের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে মৃত অবস্থায় পড়ে ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতরা হামলাকারীর পরিবারের সদস্য ছিলেন।
সন্দেহভাজন হামলাকারী হিসেবে মাস্কাটিনের বাসিন্দা ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ডকে শনাক্ত করে পুলিশ। পরে মিসিসিপি নদীর তীর দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ঘিরে ফেলে পুলিশ। সেসময় আত্মহত্যা করেন ওই ব্যক্তি।
তদন্তকারীরা জানিয়েছেন, অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড ছিল বন্দুকধারীর।



