বিদ্যুৎ সংকটের জেরে পুরো দেশ শাটডাউনের ঘোষণা দিলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। আগামী রোববার অনুষ্ঠিতব্য জাতীয় গণভোটের আগে বৃহস্পতিবার এবং শুক্রবার সমস্ত ব্যবসা এবং সরকারি প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, বিদ্যুতের জোগান কম থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খরার কারণে পাশের দেশ কলম্বিয়া থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার পর শাটডাউনের ঘোষণা আসে। খরার জন্য নজিরবিহীন অব্যবস্থাপনা ও নাশকতাকে দায়ী করেন ইকুয়েডরের প্রেসিডেন্ট নোবোয়া। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান তিনি।
খরা ওই অঞ্চলের অন্যান্য অংশকেও প্রভাবিত করছে। কারণ, ইকুয়েডরের মতো বেশ কয়েকটি দেশ জলবিদ্যুতের ওপর অত্যন্ত নির্ভরশীল। প্রতিবেশী কলম্বিয়া তাই নিজ দেশের বিভ্রাট এড়াতে ইকুয়েডরে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দেয়।
দক্ষিণ আমেরিকার দেশটিতে গত জানুয়ারিতেও জরুরি অবস্থা জারি করা হয়েছিল। অপরাধী চক্রের এক নেতা কারাগার থেকে পালানোর পর রীতিমতো ৬০ দিনের জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট নোবোয়া। এরপর জরুরি অবস্থা আরও ৩০ দিন বাড়ানো হয়।
গত বছরের নভেম্বরে ইকুয়েডরের প্রেসিডেন্টের দায়িত্ব নেন তরুণ ব্যবসায়ী ও রাজনীতিক ড্যানিয়েল নোবোয়া। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে শুরুতেই এমন কঠোর পদক্ষেপ নিয়েছিলেন তিনি।