কে হচ্ছেন প্রেসিডেন্ট, উৎকণ্ঠায় ভেনেজুয়েলাবাসী

প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে বেশ উৎকণ্ঠার মধ্যে রয়েছে ভেনেজুয়েলার নাগরিকেরা। এবারের ভোটকে দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর একটি বলে মনে করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কয়েক সপ্তাহের জোর প্রচার শেষে গতকাল রোববার সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ভোটার থাকায় অতিরিক্ত সময়ে গড়ায়। এখন অপেক্ষা ফলাফলের। 

প্রেসিডেন্ট হিসেবে ১১ বছর ধরে দেশটির ক্ষমতায় আছেন নিকোলাস মাদুরো। এবার নির্বাচিত হলে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবেন তিনি। নির্বাচনে তাঁর প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া। এই নির্বাচনকে মাদুরোর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদী বিরোধীরা। তবে মাদুরো পরাজিত হলে কী হতে পারে, তা নিয়ে উদ্বেগ রয়েছে। অনেকের আশঙ্কা, মাদুরো নিজেকে জয়ী ঘোষণা করতে পারেন। ক্ষমতা ধরে রাখতে তিনি আরও কঠোর পদক্ষেপ নিতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে।

হুগো শ্যাভেজ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর ২০১৩ সাল থেকে টানা দুই মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মাদুরো। আগের দুটি নির্বাচনে তাঁর বিরুদ্ধে বিপুল কারচুপি এবং দমন-পীড়নের অভিযোগ ছিল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগও রয়েছে। এত কিছু সত্ত্বেও শক্তিশালী অবস্থানে রয়েছে দেশটির বিরোধী দল।