ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর কড়া সমালোচনা করলেন জেডি ভ্যান্স

যুক্তরাজ্যসহ ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল শুক্রবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সমালোচনা করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জেডি ভ্যান্স বলেন, ‘ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো তাদের মূল্যবোধ থেকে সরে আসছে। ইউরোপীয় নেতারা বেশ কিছু মৌলিক মূল্যবোধ থেকে পিছু হটেছেন। ইউরোপীয় ইউনিয়নের কমিশনাররা দমন করছেন বাকস্বাধীনতা।’

২০ মিনিটের বক্তব্যে ভুল তথ্য, বিভ্রান্তি এবং বাকস্বাধীনতার বিষয়ে ভোটারদের উদ্বেগ উপেক্ষা করার অভিযোগসহ নানা বিষয়ে সমালোচনা করেন জেডি ভ্যান্স। এ সময় নিরাপত্তা সম্মেলনে পিনপতন নিরবতা ছিল।

ইউরোপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব উল্লেখ করে জেডি ভ্যান্স বলেন, ‘নিজিদের রক্ষার জন্য ইউরোপের দেশগুলোকেই এগিয়ে আসতে হবে। কারণ এই মহাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি চীন ও রাশিয়ার কাছ থেকে আসছে না, বরং নিজেদের ভেতর থেকেই আসছে।’

এ ছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন জেডি ভ্যান্স। তিনি বলেন, ’আমি আশা করছি, এ নিয়ে একটি যুক্তিসংগত সমাধান সম্ভব হবে।’

মিউনিখ সম্মেলনের ফাঁকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেছেন বলে জানিয়েছে বিবিসি।