অন্য দেশের নির্বাচন নিয়ে নিজ কূটনীতিকদের মত দিতে নিষেধ করল আমেরিকা 

বিদেশে নিযুক্ত আমেরিকার কূটনীতিকদের অন্য দেশের নির্বাচন নিয়ে মতামত দিতে নিষেধ করেছে আমেরিকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ নির্দেশনা দিয়েছেন বলে বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

রয়টার্সের হাতে আসা একটি গোপন নথি অনুসারে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বব্যাপী মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচনের ন্যায্যতা বা বৈধতা নিয়ে মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ১৭ জুলাইয়ের অভ্যন্তরীণ পররাষ্ট্র দপ্তরের তারবার্তায় মার্কিন কূটনৈতিকদের এ নির্দেশ পাঠানো হয়।

নির্দেশনায় আরও বলা হয়, স্পষ্ট এবং আকর্ষণীয় বৈদেশিক নীতির স্বার্থ না থাকলে পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটন থেকে আর নির্বাচন-সম্পর্কিত বিবৃতি বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে না।

এতে বলা হয়, বিদেশি নির্বাচনের বিষয়ে মন্তব্য করা প্রয়োজন মনে হলে, বার্তাটি যেন সংক্ষিপ্ত হয়। এ ক্ষেত্রে, বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো এবং বৈদেশিক নীতির স্বার্থগুলো উল্লেখ করা যেতে পারে।