ফিলিস্তিন-সিরিয়াসহ আরও ৮ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ দেশের তালিকায় ফিলিস্তিন ও সিরিয়াসহ নতুন করে ৮টি দেশকে যোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৬ ডিসেম্বর হোয়াইট হাউস এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

নতুন নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো হলো– ফিলিস্তিন, সিরিয়া, বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, লাওস ও সিয়েরা লিওন। গত জুনে প্রথম প্রকাশিত ১২টি দেশের সঙ্গে যোগ হয়েছে এই ৮ দেশ। ফলে মোট ২০ দেশের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হলো। একই সঙ্গে নাইজেরিয়া, তানজানিয়া ও জিম্বাবুয়েসহ আরও ১৫টি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সুরক্ষার উদ্দেশ্যেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আদেশে ফিলিস্তিনকে সরাসরি দেশ হিসেবে উল্লেখ করা হয়নি। কারণ ওয়াশিংটন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। এদিকে, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আসে এমন সময়, যখন ওয়াশিংটন ও দামেস্কের মধ্যে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নেয়া হয়েছে। দেশটিতে পাসপোর্ট বা নাগরিক নথি জারির জন্য যথাযথ কেন্দ্রীয় কর্তৃপক্ষ না থাকায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।