গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লুইজিয়ানার রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রি নিয়োগ পাওয়ার পর জানান, তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার লক্ষ্যে কাজ করবেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এদিকে ডেনমার্ক এই নিয়োগে ক্ষোভ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূতকে ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করবে বলে জানিয়েছে।
ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের কথা উল্লেখ করে দ্বীপটি নিয়ে আগ্রহ বাড়িয়েছেন এবং প্রয়োজনে বলপ্রয়োগের সম্ভাবনাও নাকচ করেননি।
তবে জরিপ অনুযায়ী, গ্রিনল্যান্ডবাসীর বড় অংশ যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিরোধী। প্রায় ৫৭ হাজার মানুষের বসবাস গ্রিনল্যান্ডে, যা ১৯৭৯ সাল থেকে স্বায়ত্তশাসন ভোগ করলেও প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি এখনও ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে।