দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে: ট্রাম্প

যুদ্ধবিরতি চুক্তি করতে আগামী দুই দিনের মধ্যে ইরানের সঙ্গে ফের আলোচনা শুরু হতে পারে বলে ধারণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এই আলোচনার জন্য পাকিস্তানকেই উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করছেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে, তাই আপনাদের এখানেই থাকা উচিত। আলোচনার জন্য আমরা পাকিস্তানে যেতেই বেশি আগ্রহী।’

কেন পাকিস্তান পছন্দ—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেখানকার ফিল্ড মার্শাল চমৎকার কাজ করছেন। তিনি দুর্দান্ত। তাই আমরা সেখানেই ফিরে যেতে চাই। এমন কোনো দেশে কেন যাব, যাদের এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্কই নেই?’

এর আগে গত শনিবার ও রোববার যুদ্ধবিরতি নিয়ে ইসলামাবাদে সরাসরি আলোচনায় বসে তেহরান ও ওয়াশিংটন। ১৯৭৯ সালের পর এটিই ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কোনো যোগাযোগ। অবশ্য সেই আলোচনা ব্যর্থ হয়।

ডন বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার ফেডারেল মন্ত্রিসভাকে জানিয়েছেন, সংঘাত নিরসনে ‘পূর্ণ প্রচেষ্টা’ অব্যাহত আছে এবং অমীমাংসিত বিষয়গুলো সমাধানে কাজ চলছে।

ছয় সপ্তাহের যুদ্ধের পর গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও আমেরিকা।