ইরানে যুদ্ধবিরতির সুযোগে নতুন করে অস্ত্র আর কৌশল সাজাচ্ছে আমেরিকা  

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনারা — এমনটাই জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, যুদ্ধবিরতির এই সময়টিকে মার্কিন সেনারা পুনর্গঠন ও প্রস্তুতির কাজে ব্যবহার করছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনা কার্যক্রম তদারকি করা কুপার জানান, সম্প্রতি ওই অঞ্চলে একাধিক সফরের অভিজ্ঞতা থেকে তাঁর ব্যক্তিগত মূল্যায়ন হলো — মার্কিন সেনারা অত্যন্ত উদ্দীপ্ত রয়েছে। তিনি বলেন, ‘এই সময়টায় আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করছি। আমরা অস্ত্রভাণ্ডার নতুন করে সাজাচ্ছি, সরঞ্জাম উন্নত করছি এবং আমাদের কৌশল, পদ্ধতি ও কার্যক্রমের ধরন নতুন করে সাজাচ্ছি।’

কুপার আরও বলেন, ‘বিশ্বে এমন কোনো সেনাবাহিনী নেই, যারা আমাদের মতো দ্রুত নিজেদের বদলে নিতে পারে। আর যুদ্ধবিরতির এই সময়টাতেই আমরা ঠিক সেটাই করছি।’