দ্বিতীয় দফা আলোচনার আগেও ইরানে হামলার হুমকি ট্রাম্পের

শান্তিচুক্তির জন্য মার্কিন প্রস্তাবে রাজি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগে তিনি এই হুমকি দিলেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, ‘আমরা খুব ন্যায্য এবং যৌক্তিক একটি চুক্তির প্রস্তাব দিচ্ছি। আমি আশা করি ইরান এটি গ্রহণ করবে। কারণ, যদি তারা তা না করে, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু গুঁড়িয়ে দেবে।’

ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরান গতকাল হরমুজ প্রণালিতে গুলি চালিয়েছে—যা আমাদের যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন!’

ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণার সমালোচনা করে তিনি বলেন, ‘ইরান সম্প্রতি প্রণালীটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে, যা বেশ অদ্ভুত। কারণ আমাদের অবরোধ এমনিতেই সেটি বন্ধ করে রেখেছে। তারা না বুঝেই আসলে আমাদের সাহায্য করছে।’

এর আগে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘শান্তিচুক্তি হবেই। কোনো না কোনোভাবে এটি হবে। হয় সহজভাবে, না হয় কঠিনভাবে—কিন্তু এটি ঘটবে।’