ইরানের সঙ্গে হওয়া সমঝোতাটি চূড়ান্ত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি পছন্দ না হলে তিনি আবারও দেশটিতে বোমা হামলা শুরু করতে পারেন বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বুধবার ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘এটি একটি সমঝোতা স্মারক মাত্র। যদি এটি আমার পছন্দ না হয়, তবে আবারও তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে এবং তাদের মাথার ওপর বোমা ফেলতে শুরু করব। যদি আমার ভালো না লাগে, তারা যদি ভদ্র আচরণ না করে, তবে আমরা আবারও ঠিক তাদের মাথার মাঝবরাবর সপাটে বোমা ফেলা শুরু করব, ঠিক আছে?’
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে হওয়া এই সমঝোতা স্মারকে দেশটির ওপর থেকে তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বিষয় অন্তর্ভুক্ত নেই। তবে এ বিষয়ে তিনি পরে কথা বলবেন বলেও জানান।