সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি

চলমান সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বলিভিয়া। গতকাল শনিবার দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ জরুরি অবস্থা জারি করেছেন। দেশজুড়ে সড়ক থেকে বিক্ষোভকারীদের বসানো প্রতিবন্ধকতাগুলো অপসারণ করতে সেনা মোতায়েন করা হয়েছে।

রক্ষণশীল সরকারের বিরুদ্ধে চলা এ বিক্ষোভ এরই মধ্যে ছয় সপ্তাহ পেরিয়েছে। শ্রমিক ইউনিয়ন, আদিবাসী গোষ্ঠী এবং কোকোচাষিরা বলিভিয়ার বিভিন্ন শহরে রাজপথে নেমে মিছিল ও বিক্ষোভ করছেন। বিভিন্ন জায়গায় সড়কে অবরোধ দেওয়া হয়েছে।

টানা বিক্ষোভের জেরে বলিভিয়ার প্রধান শহরগুলোয় খাবার, ওষুধ ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। দেশটির অর্থনীতিতে কয়েক শ কোটি ডলারের ক্ষতির ধাক্কা লেগেছে। 

চলমান সংকটের অবসান ঘটাতে  প্রেসিডেন্ট রদ্রিগো পাজ শনিবার ভোরে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন। সেখানে তিনি বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে বলেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ‘আইনের পূর্ণ কঠোরতা’ প্রয়োগ করা হবে।

টেলিভিশন ভাষণে দেশজুড়ে ৯০ দিনের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। জরুরি অবস্থার সময় যেকোনো ধরনের বিক্ষোভ আইনত নিষিদ্ধ এবং দেশের ভেতরে সামরিক বাহিনী মোতায়েন থাকবে।