৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ৭ মাত্রার বেশি ক্ষমতার ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত লাতিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা। এতে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, আহত সাত শতাধিক।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং ৩৯ সেকেন্ড পর যে ভূমিকম্প হয় সেটির মাত্রা ৭ দশমিক ৫।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ভেনিজুয়েলা এমন একটি ভূকম্পন সক্রিয় অঞ্চলে অবস্থিত, যেখানে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকা—এই দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, গত বুধবার আঘাত হানা দুটি ভূমিকম্পের মধ্যে দ্বিতীয় এবং তুলনামূলকভাবে বড় ভূমিকম্পটি এই প্লেটগুলোর সীমান্তসংলগ্ন অঞ্চলে অগভীর স্ট্রাইক-স্লিপ ফল্টিংয়ের ফলে ঘটেছে। এটি এমন একটি পরিস্থিতি, যখন ফল্ট বা প্লেটগুলোর মধ্যকার ফাটল অনুভূমিকভাবে সরে যায়। এই সরে যাওয়া দ্রুত হলে ভূমিকম্প হয়।
ইউএসজিএস বলেছে, বুধবারের ভূমিকম্প দুটি সম্ভবত একটি জটিল ভঙ্গুরতা-বিস্তার ইঙ্গিত দিচ্ছে। সংস্থাটি জানিয়েছে, বড় ধরনের আফটারশকের শঙ্কা এখনো রয়েছে।
ভেনিজুয়েলার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বুধবার প্রথম ভূমিকম্পের আঘাতের পর থেকে ভেনিজুয়েলায় এখন পর্যন্ত ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল, যার মধ্যে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফ্যালকন।
এদিকে, যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় অনুসন্ধান ও উদ্ধার দল এবং চিকিৎসা ও মানবিক সহায়তার সরঞ্জাম পাঠাবে বলে জানিয়েছেন দেশটির বৈদেশিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেরেমি লিউইন। লাতিন আমেরিকার বিভিন্ন দেশও সহায়তার প্রস্তাব দিয়েছে।
এল সালভাদরের প্রেসিডেন্ট নাইয়িব বুকেলে বলেছেন, তাঁর দেশ ৫০ টন সরঞ্জাম ও সরবরাহ প্রস্তুত করেছে, পাশাপাশি ৩০০ উদ্ধারকর্মী কারাকাসের উদ্দেশে রওনা দেওয়ার জন্য প্রস্তুত আছে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া আজিন জানিয়েছেন, তাঁর দেশও ভেনিজুয়েলায় তাৎক্ষণিকভাবে পাঠানোর জন্য সহায়তা প্রস্তুত করেছে।
এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, তাঁর দেশ তাদের ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রকে সহায়তা দিতে কী ধরনের পদক্ষেপ নিতে পারে, তা তারা মূল্যায়ন করবে।
মেক্সিকোর পররাষ্ট্র সচিব রবার্তো ভেলাস্কো আলভারেজও ভেনিজুয়েলাকে তার প্রয়োজন অনুযায়ী পূর্ণ সংহতি ও সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন।