ভেনেজুয়েলায় ভয়াবহ দুই ভূমিকম্পে এ পর্যন্ত ১ হাজার ৪৩০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এখনো নিখোঁজ ৫১ হাজারেরও বেশি মানুষ। সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে জীবিতদের উদ্ধারের চেষ্টা। রয়টার্স জানিয়েছে এসব খবর।
তবে আটকেপড়াদের জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে বলে সতর্ক করেছে উদ্ধারকারীদল। কারণ ভূমিকম্পের পর ৭২ ঘণ্টার মধ্যে জীবিত উদ্ধারের সম্ভাবনা বেশি থাকে। বুধবারের ভূমিকম্পের পর এরই মধ্যে সেই সময় পার হয়ে গেছে।
এদিকে, উদ্ধার অভিযানে আন্তর্জাতিক উদ্যোগ সন্তোষজনক হলেও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। অভিযোগ যথাযথ সরঞ্জামের অভাবে খালি হাতেই উদ্ধার কাজ চালাতে হচ্ছে তাদের।
এদিকে, ভূমিকম্পের তিন দিন পর শনিবার ধ্বংসস্তুপের নিচ থেকে ৯ মাসের এক শিশুসহ ৩ জনকে উদ্ধার করেছে কর্মীরা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলেছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬০ লাখ ৭৬ হাজার মানুষ। যার মধ্যে শুধু কারাকাসেই রয়েছে ২০ লাখ বাসিন্দা।
অন্যদিকে, জাতিসংঘের তথ্য মতে ভূমিকম্পের ফলে ভেনেজুয়েলায় আর্থিক ক্ষতির পরিমাণ ৪ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৭ বিলিয়ান ডলার।